জয় ঘোষ ও ভাস্কর মান্না
দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র বাসভবনে রাজ্য বিজেপি নেতৃত্বের একটি বৈঠক হয়। ওই বৈঠকে একটি গোপন রিপোর্ট জমা দিলেন বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়। মুকুল রায়ের এই গোপন রিপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে কৈলাশ বিজয়বর্গীর বাড়ির বৈঠকে।
বিজেপি সূত্রে খবর, ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি ১২১ টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল। এই ১২১টি ছাড়াও আরও ৪৪টি বিধানসভা আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরে গিয়েছে বিজেপি। এই ৪৪ টি কম মার্জিনে হারা আসনকে পাখির চোখ করছে বঙ্গ বিজেপি।
মুকুল রায়ের ওই রিপোর্টে বলা হয়েছে, এই ৪৪ টি বিধানসভা কেন্দ্রে মণ্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিশেষ পর্যালোচনা করা হবে। সেই পর্যালোচনা করে দেখার পর প্রাথমিক যে রিপোর্ট আসবে, তা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠানো হবে। প্রাথমিকভাবে এই বৈঠকে ঠিক হয়েছে ওই ৪৪ টি আসনে বিজেপির কোন কোন জায়গায় খামতি ছিল তা নির্ণয় করা হবে এবং খামতি পূরণের জন্য বিজেপির রাজ্য কমিটির ৫ জন নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আজকের বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই ৫ জন রাজ্য নেতা ওই ৪৪ টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরবে এবং খামতির রিপোর্ট তৈরি করে তা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তুলে দেবে।
সূত্রের খবর, কৈলাশ বিজয় বর্গীর বাড়িতে হওয়া টানা ১ ঘন্টার এই বৈঠকের প্রাথমিকভাবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তারই প্রস্তুতি নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news