ভাস্কর মান্না:
২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক প্রস্তুতি সেরে নিচ্ছে রাজ্য বিজেপি। রবিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে একান্ত বৈঠক হয় দিলীপের। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতিকে ২০০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন নড্ডা। সেইমতো প্রতিটি জেলার বিধানসভা কেন্দ্রিক সাংগঠনিক আলোচনা শুরু করেছে রাজ্য বিজেপি নেতারা। এর আগে দিল্লিতে উত্তরবঙ্গের ১৪০টি বিধানসভা নিয়ে আলোচনা হয়েছিল। বাকি ছিল দক্ষিণবঙ্গের ১৫৪টি বিধানসভার আলোচনা। আজ থেকে দিলীপ ঘোষের বাড়িতে ওই বিধানসভাগুলির আলোচনা শুরু হয়েছে। চার দিন ধরে আলোচনা চলবে। আজ প্রথমদিনে হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, আরামবাগ ও শ্রীরামপুরের অন্তর্গত বিধানসভা আসনগুলি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় দিলীপ ঘোষের পাশাপাশি ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায় ও সংশ্লিষ্ট জেলার ও লোকসভার সাংসদরা।
প্রসঙ্গত, বিজেপিকে এ রাজ্যে ক্ষমতা দখল করতে গেলে সংখ্যালঘুদের সমর্থন খুবই দরকার। কিন্তু সংখ্যালঘু এলাকায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল রয়েছে। সে কথা একবাক্যে স্বীকারও করে নেন এদিনের বৈঠকে উপস্থিত বিজেপি নেতারা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের জানান, “সংখ্যালঘু এলাকায় সমস্যা রয়েছে। তবে সেসব জায়গায় আমরা এর আগে ভোটে জিতেছি। অনেক সংখ্যালঘুর সমর্থন থাকলেও, হিংসার ভয়ে কেউ সংগঠনের দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। সেখানে একটু অসুবিধা আছে। তবে তৃণমূলের থেকে সেখানে আমাদের বুথ কমিটি বেশি রয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news