নিজস্ব প্রতিনিধি :
বসিরহাটে বিস্মৃতি!
রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গঙ্গোপাধ্যায় (গাঙ্গুলী) পুরো বিষয়টা হয়তো এভাবেই প্রতিক্রিয়া জানাতেন।
বিজেপি এবং তৃণমূল, দুটি দলই বসিরহাটের প্রার্থী ঠিক করতে গিয়ে দু’জনকে ভুলে বসে আছে।
একজন সুন্নী মুসলিম, তৃণমূল ছেড়ে মুকুল রায়ের সঙ্গে বিজেপিতে এসেছেন।
আর একজন হিন্দু ব্রাহ্মণ, নিজের সীমিত এলাকার মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন।
একজন ছোটবেলা থেকে ডানপিটে নেতা। আর একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন , অন্য দল থেকে তৃণমূলে এসে এখন কাউন্সিলর।
একজনের এলাকায় পরিচিতি,জনপ্রিয়তা যথেষ্ট।
আর একজনের হিন্দু হওয়া সত্ত্বেও মুসলিম সমাজে ঈর্ষনীয় গ্রহনযোগ্যতা।
একজন একদা মমতার প্রিয় ‘ছোট্ট কাসেম’, কাসেম আলি মন্টু।
আর একজন, ধর্মতলায় মমতার সঙ্গে টানা ২৬ দিন অনশন করা বিজয় উপাধ্যায়।
নির্বাচনী হিন্দু-মুসলিম অঙ্কের অনেক উর্দ্ধে উঠে কাসেম যেমন উভয় সম্প্রদায়েরই ঘরের ছেলে, ঠিক তেমনই একদা মুসলিমদের অধিকারের জন্য লড়ে জেল খাটা বিজয়, সংখ্যালঘুদের চোখে আজও নায়ক।
কাসেম বলছেন, “নেতৃত্ব চাইলে ভোটের ময়দানে জান লড়িয়ে দেব। মুসলিম গরিষ্ঠ বসিরহাট তুলে দেব দলের হাতে।” আর বিজয় বলছেন, “দিদির ওপর আমার ভরসা আছে, তাঁর যদি আমার কথা মনে পড়ে, তিনি যদি বোঝেন তাহলে আমিও দেখিয়ে দেব হিন্দু হয়েও বসিরহাট জেতা যায়। ধর্মীয় পরিচয় কোনও বাধা হবে না, বরং আরও বেশি লাভজনক হবে।”
নেতৃত্বের বিস্মৃতি পেরিয়ে এই দু’জন নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন কিনা, তা অবশ্য বিজেপি ও তৃণমূলের নেতৃত্বই বলতে পারবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news