ভাস্কর মান্না:
প্রার্থী ঘোষণা হওয়ার পরও খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচন নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল অব্যাহত। প্রেমচাঁদ ঝায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এলাকারই বিজেপির পুরোনো কর্মী হিসেবে পরিচিত প্রদীপ পট্টনায়েক।
‘বিজেপি বাঁচাও’ নাম দিয়ে প্রেমচাঁদের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছুক প্রদীপ। প্রদীপবাবুর মতে, প্রেমচাঁদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে জামিন নিয়ে মঙ্গলবার মনোনয়ন জমা দিতে এসেছেন। তার আগে এলাকায় ফেরার ছিলেন তিনি। পুলিশ তাঁকে খুঁজছে। তারপরেও রাজ্যনেতৃত্ব এরকম একজন নেতার নাম কেন পাঠাল দিল্লিতে? তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে। শুধুমাত্র দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিল বলেই কি প্রেমচাঁদের নাম মনোনীত করল রাজ্য নেতৃত্ব? তবে গোষ্ঠীকোন্দলের কথা মানতে নারাজ প্রেমচাঁদ তিনি বলেন, “উনি দলের পুরানো কর্মী। ব্যক্তিগতভাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। সব সমস্যা মিটে যাবে।”
বেশকিছু দিন ধরে এলাকায় নিরুদ্দেশ ছিলেন প্রেমচাঁদ। ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। এমনকি তিনি কোথায় গিয়েছেন জেলার নেতারাদেরও অজানা ছিল। পরিবারের অবশ্য দাবি, ওড়িশায় এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তিনি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তারপর একটি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার এলাকায় দেখা যায় তাঁকে। তবে প্রদীপ পট্টনায়েক প্রেমচাঁদকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তিনি বলেন, জেলায় বিজেপিকে বাঁচাতে আমরা লড়াই চালিয়ে যাব। তবে বিজেপির এই গোষ্ঠীকোন্দলের মধ্যে বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news