ওয়েব ডেক্সঃ
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। ওই ঘটনার ১২ দিন পর ভারতীয় বায়ুসেনা পাল্টা, পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালায়। প্রাথমিকভাবে ওই হামলায় প্রায় ৩০০ জন জঙ্গি মারা গিয়েছে বলে দাবি করা হয়। যা নিয়ে বিরোধীরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে প্রমাণ চেয়েছে। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে লোকসভা নির্বাচনের আগে, ওই ঘটনার কোনো ছবি বা তথ্য যাতে প্রকাশ না পায়, তার জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিপিএম।
এদিন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নেতৃত্বে সিপিএমের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই দাবী জানান। ত্রিপুরা সিপিএমের সাধারণ সম্পাদক গৌতম দাস বলেন, “লোকসভা ভোটের আগে প্রচারে যাতে পুলওয়ামাতে ঘটে যাওয়া নিহত জওয়ানদের ছবি এবং বিমান বাহিনীর বালাকোট অভিযানের ছবি ব্যবহার না করা হয়, সেই দাবি সিইসিকে জানিয়েছি।”
তাঁদের ধারণা, এই তথ্যকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে ফায়দা নিতে চাইবে। তাই নির্বাচনের আগে এই তথ্য সামনে আনা জরুরি নয় বলে তারা মনে করেন।
প্রসঙ্গত, একই দাবি জানিয়ে আজ মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন নৌ বাহিনীর প্রাক্তন প্রধান এল রামদাস। তবে রাজনৈতিক দলগুলোর দিক থেকে এই ঘটনার তথ্য, সামনে না আসা নিয়ে প্রথম সোচ্চার হল সিপিএম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news