চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শ্লীলতাহানি রুখতে গিয়ে অভিযুক্তের হামলায় মৃত্যু মায়ের। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার বাগনানের খাদিনান মোড়। অভিযোগ, শ্লীলতাহানির ঘটনায় নাম জড়িয়েছে বাগনান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী কুশ বেরা-সহ দু’জনের। তারই প্রতিবাদে খাদিনান মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং সৌমিত্র খাঁ। সূত্রের খবর, ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তাই বাধ্য হয়ে বাড়ির ছাদে উঠে যান এক কলেজ ছাত্রী। অভিযোগ, সেই সময় ছাদে কেউ লুকিয়ে বসেছিল। তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। চিৎকার করতে থাকেন কলেজ ছাত্রী। তা শুনে ছাত্রীর মা ছাদে উঠে যান। মেয়ের শ্লীলতাহানিতে বাধা দিতে যান মা। অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি হতে শুরু হয় কলেজ ছাত্রীর মায়ের। ধাক্কা দেয় ওই ব্যক্তি। ছিটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যান কলেজ ছাত্রীর মা। মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরিস্থিতি বেগতিক দেখে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পালায় ওই ব্যক্তি। কলেজ ছাত্রীর মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, ছাত্রীর মায়ের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। যদিও ঘটনার পর থেকেই সে এলাকা ছাড়া। তাই এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামে গেরুয়া শিবির। খবর পাওয়া মাত্রই উলুবেড়িয়া হাসপাতালে পৌঁছন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। পরে অভিযুক্তের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেন তারা।
অন্যদিকে, বাগনানের শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে আসা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। অভিযুক্ত তৃণমূল নেতা কুশ বেরাকে দল থেকে বহিষ্কার করা হল। সিদ্ধান্তের কথা জানান জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news