নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:
একদিকে মুখ্যমন্ত্রী যখন পুলিশ দিয়ে ২৬ তারিখে বিরোধীদের ডাকা বনধ বানচাল করার কথা বলছেন, তখন তাঁরই দলের বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে আদিবাসীদের ডাকা বনধে সমর্থন জানালেন। আজ সকাল থেকেই দশ দফা দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায় ‘ভারত জাকাত মাঝি পারগাণা মহল’-এর ডাকা অনির্দিষ্টকালের অবরোধে বিপর্যস্ত বাঁকুড়া জেলা। জেলার বাঁকুড়া সদর শহর, খাতড়া, রাইপুর, ফুলকুসমা, বিষ্ণুপুর, ছাতনা সহ ছত্রিশটি জায়গায় পথ অবরোধে সামিল হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এই সময়, বাঁকুড়া সদর শহরের হেভির মোড়ে ৬০ নং জাতীয় সড়কে অবরোধ চলাকালীন এই অবরোধকে সমর্থন জানিয়ে পথে নামেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। যদিও বিধায়ক জানিয়েছেন, তিনি নিজে আদিবাসী। তাই নৈতিকভাবে এই লড়াইকে সমর্থন করি। তবে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে গেজেট নোটিফিকেশন ও পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষা পর্ষদ গঠন , আদিবাসী এলাকায় আদিবাসী সরকারী কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে বহাল , আদিবাসী শিক্ষক, ডাক্তার , সরকারী কর্মচারীদের প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার সহ দশ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের এই অবরোধ চলবে বলেই জানিয়েছেন ভারত জাকাত মাঝি পারগাণা মহলের জেলা সম্পাদক রবি মাণ্ডি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news