নিজস্ব সংবাদদাতা, মালদা:
মোবাইলে ফেসবুক করার অপরাধে সন্দেহের জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ওই গৃহবধূকে পরিবারের লোকেরাই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এই ঘটনায় হামলাকারী স্বামী বাপ্পা রজকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম প্রতিমা রজক (৩২)। অভিযুক্ত স্বামী বাপ্পা রজক। ওই গৃহবধূর বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। শশুর বাড়ি দক্ষিণ বালুচর এলাকায়। ওই দম্পতির এগারো বছর আগেই প্রেম করে বিয়ে হয়। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে ফেসবুক করা নিয়ে বচসা বাধে স্বামী বাপ্পা রাজকের। এরপর সন্দেহের বশে স্ত্রী প্রতিমাদেবীকে লোহার রড দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা চালায় অভিযুক্ত স্বামী।
আক্রান্ত গৃহবধূ প্রতিমা রজক জানিয়েছেন, “তাঁর স্বামী একটা সময় শ্রমিক সরবরাহ এবং রংয়ের কাজ করতেন । বর্তমানে সে বেকার। বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান তিনি। সোমবার রাতে মদ খাওয়ার জন্য তাঁর স্বামী ৫০০ টাকা চেয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করি। এরপরই শুরু হয় ফেসবুক করা নিয়ে স্বামীর সন্দেহ। প্রকাশ্যেই পরকীয়া সন্দেহ করেই শ্বশুর বাড়িতেই স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরি। এরপরই আশেপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা ছুটে আসেন।”
পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় বাপ্পা রজক। পরে ওই গৃহবধূকে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আক্রান্ত মহিলার পরিবারের তরফে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news