ওয়েব ডেস্ক
আবার বিস্ফোরক বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী। এবার প্রিয়াঙ্কা গাঁধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে স্বামী বলেন, প্রিয়াঙ্কা মানসিক রোগী। তিনি এমন একটি রোগে আক্রান্ত যেখানে রোগী বাস্তব জগত এবং অবচেতন জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। শনিবার স্বামী সাংবাদিকদের বলেন, প্রিয়াঙ্কা ‘বাইপোলার’ রোগে আক্রান্ত। তিনি মাঝেমধ্যেই লোকদের মারধর করেন বলেও দাবি করেন স্বামী। প্রিয়াঙ্কার এই রোগের জন্যই প্রিয়াঙ্কা কোনও দল বা সদস্যদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন বলে দাবি করেন সুব্রমণ্যম স্বামী।জনগনের সামনে যেকোনও সময় মানসিক ভারসাম্য হারাতে পারেন প্রিয়াঙ্কা, এমনটাই দাবি স্বামীর। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী পূর্ব উত্তর প্রদেশের সভাপতির দায়িত্ব দেন প্রিয়াঙ্কা গাঁধী ভাদ্রাকে। এরপর থেকেই বিভিন্ন দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনও তাঁর অনভিজ্ঞতা, কখনও তাঁর স্বামীর প্রসঙ্গে বিরোধীদের তোপের মুখে পড়েন প্রিয়াঙ্কা। কয়েকদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রিয়াঙ্কা গাঁধীকে এনেও উত্তর প্রদেশে কংগ্রেসের ভোটব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না। বিজেপি নেতা সুশীল মোদী প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভাদ্রাকে ‘কলঙ্কিত জীবনসঙ্গী’ বলে মন্তব্য করেন। প্রিয়াঙ্কার রাজনীতির অনভিজ্ঞতাকে কটাক্ষ করে বিজেপি নেতা বিনোদ নারায়ণ ঝা বলেন, প্রিয়াঙ্কা সুন্দরী কিন্তু তাঁর রাজনীতিতে কোনও সাফল্যই নেই। এইসব মন্তব্য আপাতত মুখ বুজেই সহ্য করেছেন প্রিয়াঙ্কা । এখন স্বামীর এই বিস্ফোরক মন্তব্যের পর কংগ্রেসের তরফে কোনও জবাব আসে কিনা সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news