প্রসেনজিৎ মাহাতো:
বৃহস্পতিবার সন্ধেয় প্রাক্–বিশ্বকাপের অভিযানে ওমানের বিরুদ্ধে নামার আগে স্টিম্যাকের ভারত আত্মবিশ্বাসী। ভারতের কিপার গুরপ্রীত সিং সান্ধু বলেন, ‘দলের প্রস্তুতি ভাল হয়েছে। আগের তুলনায় দলের খেলার উন্নতি হয়েছে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া এবং ফিটনেস বেড়েছে। আমরা প্রস্তুত।’
প্রতিপক্ষ শক্তিশালী হলেও অঘটন ঘটাতে মরিয়া ভারত। অধিনায়ক সুনীল বলেন, ‘ভাল ফলের ব্যাপারে আশাবাদী। দলের প্রত্যেকে ইতিবাচক মানসিকতা নিয়ে দেখছে ম্যাচটাকে। গুয়াহাটিতে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন চাই।’
সুনীল যোগ করেন, ‘দলের মধ্যে ইচ্ছাশক্তি দেখে মুগ্ধ। দলের প্রত্যেকটা ছেলের মধ্যে উত্তেজনার পারদ অনুভব করছি। গোয়াতে ক্যাম্প দারুণ হয়েছে। দল ফিট এবং ক্ষুধার্ত।’
স্টিম্যাকের দল অভিজ্ঞ এবং তরুণ ফুটবলারের মিশেল। প্রথম এগারো বাছা ভারতের কোচের কাছে চ্যালেঞ্জ। সমস্ত ফুটবলারই অনুশীলনে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। ম্যাচ িজততে ভারতীয় দলের মন্ত্র–পিছন থেকে আক্রমণের ঝড় তোলা। বৃহস্পতিবারের ম্যাচে প্রথমার্ধটা প্রতিপক্ষকে মেপে নিয়ে দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণের রাস্তায় হাঁটার রণনীতি সাজিয়েছেন স্টিম্যাক। তিনি বলছেন, ‘সব প্রতিপক্ষকেই শ্রদ্ধা করা উচিত। ড্রেসিংরুমের প্রতি আমার বিশ্বাস রয়েছে।’ দলের প্রশংসা করে সুনীল বলেন, ‘জুনিয়রদের সঙ্গে আমি কথা বলিনি। কারণ জানি, প্রত্যেকেই যে যার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমি শুধু তরুণ প্লেয়ারদের কাছে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news