ভাস্কর মান্না
পাকিস্থানে বিপন্ন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি সামনে এসেছে এমনই একটি ঘটনা। গত সপ্তাহে পাকিস্তানের সিন্ধু প্রদেশের খৈরপুর জেলার কুম্ব এলাকায় হিন্দুদের একটি মন্দিরের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মন্দিরের বিগ্রহ এবং ধর্ম গ্রন্থ গীতা সহ বেশ কিছু ধর্মীয় পুস্তক আগুনে পুড়িয়ে দেয় তারা।
ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা, বরাবরই এহেন বিতর্কিত মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাঁরই ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানে সংখ্যালঘুরা হেনস্তার মুখে পড়ায়, নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। তাদের দাবি পাকিস্তানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? সেখানকার প্রশাসন এতটাই বা উদাসীন কিভাবে? যদিও ঘটনার নিন্দা করে প্রাক প্রধানমন্ত্রী, দুষ্কৃতীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন পুলিশকে। ট্যুইট করে ইমরান বলেন, ‘কুম্বে যে ঘটনা ঘটেছে, তা কোরান বিরুদ্ধ। তাই সিন্ধ প্রশাসনকে অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দুষ্কৃতীরা যাতে রেহাই না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে প্রাদেশিক প্রশাসনকে।’
মন্দির ভাঙচুরের ঘটনায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে স্থানীয় থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাকিস্তান হিন্দু পরিষদের উপদেষ্টা রাজেশকুমার হর্দাসানি বুধবার সেদেশের হিন্দু মন্দিরগুলির নিরাপত্তার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও দাবি জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news