ওয়েব ডেস্কঃ
বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের কথা এখনও ভুলতে পারেনি পাকিস্তান। সেইজন্য পাকিস্তানের আকাশপথ ভারতকে ব্যবহার করতে বাধা দিচ্ছে ইসলামাবাদ। ফলে বিভিন্ন বাণিজ্যিক উড়ান সংস্থাগুলির প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। পাকিস্তানের দাবি, তাঁদের আকাশ ভারত ব্যবহার করতে চাইলে কিছু শর্ত মানতে হবে।
পাক বিমান সচিব শাহরুখ নুসরত এক সংসদীয় বোর্ডের বৈঠকে বলেন, ভারত, পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারে। কিন্তু শর্ত হিসেবে ভারতীয় বায়ুসেনাকে অগ্রিম এয়ারবেস থেকে যুদ্ধ বিমান সরাতে হবে। পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা হিসেবে বালাকোটে জইশ-ই-মহম্মদ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা। তারপর ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা জানিয়েছে ইসলামাবাদ। তবে কিছুদিন আগে জি-২০ বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান পাকিস্তানের উপর দিয়ে যায়।
এই প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় নাগরিক উন্নয়ন রাজ্যমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, পাকিস্তানের আকাশ ব্যবহার না করার জন্য আর্থিক ভাবে ক্ষতি হচ্ছে বিমান কোম্পানিগুলির। তিনি জানান, এখনও পর্যন্ত বিমান সংস্থাগুলির ক্ষতি হয়েছে ৫৪৮ কোটি টাকা। এরমধ্যে ২ জুলাই পর্যন্ত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার ক্ষতি হয়েছে ৪৯১ কোটি টাকা, ৩১মে পর্যন্ত ইন্ডিগোর ক্ষতি হয়েছে ২৫.১ কোটি, ২০ জুন পর্যন্ত স্পাইস জেটের ক্ষতি হয়েছে ৩০.৭৩ কোটি টাকা এবং গো এয়ারের ক্ষতি হয়েছে ২.১ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news