ওয়েব ডেস্ক
পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে কার্যত একলা করে ফেলতে যখন বদ্ধপরিকর ভারত, তখন ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বকুনি দিল আমেরিকা। মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুলওয়ামা হামলাকে ‘সাংঘাতিক ঘটনা’ বলে ব্যাখ্যা করেন। ট্রাম্প বলেন, এই বিষয়ে তিনি বিস্তারিত রিপোর্ট নিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিবৃতি জারি করবেন।
পাশাপাশি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্ট প্যালাডিনো বলেন, পুলওয়ামার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় শহীদদের পরিবারদের সমবেদনা জানিয়ে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। পাশাপাশি পাকিস্তানকে পুলওয়ামা হামলার দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির পর স্বাভাবিকভাবেই চাপ আরও বাড়ল পাকিস্তানের ওপর। এর আগেও, ১৪ ফেব্রুয়ারি জৈশ-এ-মহম্মদের হামলায় নিহতদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করেছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্সও পাকিস্তানকে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news