ভাস্কর মান্না:
লোকসভা ভোটের পর নিজের কেন্দ্র অমেঠিতে প্রথমবার পা রাখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আর সেখানে পা রেখেই বললেন, “মনে হচ্ছে ঘরে ফিরলাম।”
লোকসভা ভোটে সারাদেশ জুড়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। বাদ যায়নি অমেডিও। ২০১৪-য় মোদী ঝড়ে টিকে থাকলেও ২০১৯- এ রাহুলের ‘ন্যায়’ ধরে রাখতে পারেনি অমেঠিকে। সেদিনের সেই পরাজিত সৈনিক এদিন অমেঠির মাটিতে দাঁড়িয়ে বলেন, “ওয়ানাডের সাংসদ বলে এখানে আসা বন্ধ করে দেব, এমনটা ভেবে বসবেন না যেন। বার বার এখানে আসব আমি।” তবে রাহুলের এই বার্তাকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “পাঁচ বছর সাংসদ থাকাকালীন রাহুল কতবার অমেঠি এসেছে, সে নিজেও জানে না। অথচ ২০১৪-য় স্মৃতি ইরানি হেরে গেলেও কতবার এসেছে, তা অমেঠির মানুষ জানে। প্রসঙ্গত, অমেঠি থেকে স্মৃতি ইরানি জেতার পর ইতিমধ্যে তিন বার করে ঘুরে গিয়েছেন।
রাহুলের এদিনের অমেঠি সফর ছিল দলীয় নেতাদের সঙ্গে মিটিং করার জন্য। সেইমতো অমেঠি, সলোন, গৌরিগঞ্জ, জগদীশপুর এবং তিলোই- এই পাঁচ বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন। তাঁর কথায়, অমেঠির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। জয়-পরাজয় রাজনীতির অংশ। কিন্তু কখনও অমেঠি ছেড়ে যাবো না আমি। বিপদে আপদে সবসময় আপনাদের পাশে রয়েছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news