নীল বণিক :
ধর্নার রাজনীতি নিয়ে সরগরম হল রাজ্যের রাজনৈতিক আবহ। রাজ্যের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষনার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির এই দাবি বাংলাকে অপমান করেছে বলে অভিযোগ করে তৃণমূল। তার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ৪৮ ঘন্টা ধর্নায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, গাঁধী মূর্তির পাদদেশে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পাল্টা ধর্নায় বসেছে বিজেপির প্রাক্তন আমলাদের সেল। সেখানে উপস্থিত আছেন প্রাক্তন পুলিশ কর্তা দীনেশ বাজপেয়ী এবং আর কে হান্ডা, প্রাক্তন আইপিএস সুজিত ঘোষ, দেবকুমার মুখোপাধ্যায়, সুভাষ অধিকারি প্রমুখ। আসন্ন লোকসভা ভোটে সন্ত্রাসমুক্ত নির্বাচনের দাবিতে এই ধর্না বলে জানিয়েছেন প্রাক্তন আমলারা। বিজেপির প্রাক্তন আমলা সেলের সদস্যদের এই ধর্নাকে সমর্থন জানিয়ে, সেখান উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চকে একহাত নেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, গত ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব বুথগুলিকে স্পর্শকাতর ঘোষনা করার জন্য কমিশনকে চিঠি দিয়েছিলেন। আর এখন তারাই এই দাবির বিরুদ্ধে ধর্ণায় বসেছে। পাশাপাশি প্রাক্তন আমলা আর কে হান্ডা দাবি তোলেন, “সব বুথেই চাই কেন্দ্রীয় বাহিনী। না হলে এরাজ্যে ভোট অসম্ভব।” পাশাপাশি তিনি জানান, রাজ্যের প্রত্যেকটি মানুষের ভোটদানের অধিকার সুরক্ষিত করতেই প্রাক্তন আমলারা গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news