ওয়েব ডেস্ক
২০১৯ সালের শুরুতেই ভারতের সামরিক শক্তি বাড়াতে আসছে আমেরিকায় তৈরি চিনুক ও আপাচে অ্যাটাক হেলিকপ্টার। উন্নত প্রযুক্তি সম্পন্ন এই দুই ধরনের হেলিকপ্টার মার্চের মধ্যেই ভারতীয় সেনার হাতে চলে আসতে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই মার্কিন সেনার বোয়িং কন্টেনারে করে চিনুক হেলিকপ্টারের প্রথম ব্যাচ গুজরাটের মুন্দ্রা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ভারত আমেরিকার থেকে মোট ১৫টি চিনুক হেলিকপ্টার ও ২২টি আপাচে অ্যাটাক হেলিকপ্টার কিনবে বলে ঠিক হয়েছে। এরজন্য মোট ৩ বিলিয়ন ডলার খরচা করবে ভারত। গুজরাটের বন্দরে পৌঁছনোর পর সেগুলিকে অ্যাসেম্বল এবং ফ্লাইট টেস্ট করার পরই ভারতীয় সেনার হাতে তা তুলে দেওয়া হবে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনুক হেলিকপ্টারগুলি চন্ডীগড় এয়ারবেসে রাখা হবে। এই হেলিকপ্টারগুলি সিয়াচেন ও লাদাখে সামগ্রী পৌঁছনোর কাজ করবে। অন্যদিকে, আপাচে হেলিকপ্টারগুলি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রাখা হবে। উল্লেখ্য, বর্তমানে মধ্যম ক্ষমতা সম্পন্ন রাশিয়ার এম-১৭ হেলিকপ্টারের মাধ্যমেই রসদ ও সামগ্রী পৌঁছনোর কাজ করত। এই দুই হেলিকপ্টার ভারতীয় সেনার হাতে এলে তাতে সেনার শক্তি অনেকটাই বাড়বে সন্দেহ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news