নিজস্ব প্রতিবেদন:
নতুন পাসপোর্টে পদ্ম চিহ্ন ব্যবহার নিয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা দিলেন বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, “সুরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্যই পদ্ম চিহ্ন ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICOA) নির্দেশে এটি চালু করা হয়েছে। এ বার থেকে পদ্ম ছাড়াও দেশের বিভিন্ন ধরনের প্রতীক পাসপোর্টে ব্যবহার করা হবে। তবে এখন পদ্ম চিহ্নই ব্যবহার করা হবে। পরের মাস থেকে অন্য চিহ্নের ব্যবহারও শুরু হবে।”
এদিন লোকসভায় জিরো আওয়ারে কেরলের কোঝিকোড়ের কংগ্রেস সাংসদ এমকে রাঘবন পাসপোর্টে পদ্ম চিহ্ন ব্যবহার নিয়ে সরব হন। তিনি বলেন, “সরকারী জিনিসে নিজেদের পছন্দের মতো চিহ্ন ব্যবহার করছে বিজেপি। পদ্ম চিহ্ন বিজেপির তাই এটি ব্যবহার করা অনুচিত। আমি সরকারের কাছে আর্জি জানাব এই চিহ্ন ব্যবহার না করার জন্য।” লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে ব্যাখ্যা চান।
উল্লেখ্য, নতুন পাসপোর্টের দ্বিতীয় পাতায় আমদানিকারকের জায়গায় পদ্ম চিহ্ন ছাপানো হয়েছে। আগে এই জায়গায় পাসপোর্ট অফিসারের সিল ও স্বাক্ষর থাকত। এছাড়া পাসপোর্টধারীর নাম ও ঠিকানার জায়গাও সরানো হয়েছে। এই পাসপোর্টে কিছু নতুন কোডের ব্যবহার শুরু হয়েছে। দেশের ৩৬টি পাসপোর্ট কেন্দ্রে এই নতুন পাসপোর্ট দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পাসপোর্ট মহারাষ্ট্রের নাসিক থেকে ছাপানো হয়েছে। এই কাজে বিদেশ মন্ত্রক ছাড়াও কেন্দ্রীয় তথ্যকেন্দ্রও যুক্ত রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news