ওয়েব ডেস্কঃ
ধর্মীয় স্বাধীনতার পক্ষে আওয়াজ আরও জোরালো করতে হবে। দু’দিনের ভারত সফরে এসে এমনই দাবি তুললেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। বুধবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে তিনি বলেন,” বিশ্বের চারটি বড় ধর্মের জন্মস্থান ভারত। ধর্মীয় স্বাধীনতার পক্ষে আমরা এক যোগে এগোতে চাই। বিশ্বের যেখানে ধর্মীয় অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, আমরা একসঙ্গে তাঁর প্রতিবাদ করতে চাই।”
ভারতে এসে পম্পেয়োর এই ব্যাখ্যার কারণ নিয়ে অনেকে দ্বিধায় রয়েছে। তার কারণ, বেশ কিছুদিন আগে তাঁর দেশেরই একটি রিপোর্টে পম্পেয়ো উল্লেখ করেছিলেন ভারতে সংখ্যালঘুদের স্বার্থ বিপন্ন হচ্ছে। যা নিয়ে দু’দেশের সম্পর্কের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এমনকি ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলতে বাধ্য হয়েছিলেন, কোনো দেশের অভ্যন্তরীণ সামাজিক পরিস্থিতি সম্পর্কে বাইরের রাষ্ট্র নাক গলাতে পারেনা।
তবে ভারত সফরকালে পম্পেয়ো ওই রিপোর্টকে পাশ কাটিয়ে বলেন, “বিশ্বের দরবারে ভারত দ্রুত উঠে আসছে। আমাদের দেশ এ বিষয়ে তাদের সব রকম সহযোগিতা করে চলেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news