পার্থসারথি পাণ্ডা
বিশ্বকর্মা ছিলেন, সেই বৈদিক যুগ থেকেই ছিলেন। আদি বেদ, ঋক বেদে পাঁচ বার তাঁর নাম উল্লিখিত হয়েছে। তখন থেকেই তিনি সৃষ্টির দেবতা। কুশলী কারিগর। ব্রহ্মাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে তার নির্মাণ– সবটাই তাঁর হাতে ছিল। বেদের যুগে তিনি ছিলেন অগ্নি, ইন্দ্র ও ব্রহ্মারই ছায়াস্বরূপ। তখনও তাঁর জন্ম বৃত্তান্ত লেখা হয়নি। সেটা লেখা হল, পুরাণের যুগে এসে। সেখানে লেখা হল, তিনি বৃহস্পতির বোন বারাস্ত্রী ও অষ্টবসুর এক বসু প্রভাসের পুত্র।
স্বর্গপুরীও তিনি নির্মাণ করেছেন। বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল— প্রভৃতি তাঁরই উদ্ভাবন। ফলে প্রযুক্তি ও বিজ্ঞান শুরু থেকেই হয়ে উঠেছিল তাঁর নিজস্ব দপ্তর। স্বর্গ ছেড়ে মর্ত্যে তাঁর ডাক পড়েছে বারে বারে যেকোন শৌখিন নির্মাণের কাজে ও পরিকল্পনায়। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মূর্তি নির্মাণের জন্য যখন কোন শিল্পী পাচ্ছিলেন না, তখন স্বয়ং বিষ্ণু এই দেবশিল্পীকে পাঠিয়েছিলেন তাঁর কাছে। তিনিই নির্মাণ করেছিলেন অপূর্ব সুন্দর জগন্নাথের ভুবন ভোলান মূর্তি। মনসামঙ্গলের যুগে তিনি এগিয়ে এসেছিলেন লখিন্দর-বেহুলার লোহার বাসর গড়তে।
আর সমস্ত দেবদেবীদের মতো বিশ্বকর্মাকে মর্ত্যে পুজো প্রচার করতে ছলচাতুরির আশ্রয় নিতে হয়নি। কলাকুশলতা ও সৌন্দর্যবোধের জন্যই তিনি কারিগর আর শ্রমজীবী মানুষের কাছে সেই আদি যুগ থেকেই গুরুর আসন পেয়েছেন, তাদের পুজো পেয়েছেন, এখনো পেয়ে চলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news