ওয়েব ডেস্ক:
গত দুদিনের বৃষ্টিতে রাজধানী দিল্লির দূষণ মাত্রা ‘অতি ক্ষতিকর’ থেকে ‘খারাপ’এ নেমেছে। তবে আগামি দিনগুলিতে আবারও বিপদসীমা পেরোতে পারে পরিবেশ দূষণ । তাই এবার রাজধানীতে পেট্রল- ডিজেল চালিত সমস্ত প্রাইভেট বাহন বন্ধ করার পরামর্শ দিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি প্রশাসনকে অবিলম্বে ‘অড-ইভেন’ প্রক্রিয়া চালু করার কথাও বলেছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। কয়েকদিন আগেই দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে এই নির্দেশ দেয় এনভাইরনমেন্ট অ্যান্ত পলিউশন কন্ট্রোল অথারিটি। ইপিসিএ’র তরফে নির্দেশ পাওয়ার পরই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে দিল্লির মুখ্য সচিব, উত্তর প্রদেশ এবং হরিয়ানার প্রশাসনকেও চিঠি লিখে পেট্রল ডিজেল চালিত সমস্ত বাহন বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, দেওয়ালীর পর থেকেই দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডায় পরিবেশ দূষণের মাত্রা ‘ক্ষতিকর’, ‘অতি ক্ষতিকর’ এবং ‘মারাত্মক’এর মধ্যে ঘোরাফেরা করছে। এই শহরগুলিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০০র ওপরেই রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে এই শহরগুলিকে জানানো হয়েছে যে ৩০ থেকে ৪০ শতাংশ দূষণ বাহনের থেকে নির্গত ধোঁয়া থেকেই হয়। ফলে এই তিন রাজ্যের উল্লেখিত শহরগুলিতে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়েছে প্রশাসনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news