নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার:
আবারও স্কুলের মধ্যে চুরি। এবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার মোহনপুর হাই স্কুলে। বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের রান্না করতে এসে স্কুলেরই এক কর্মী দেখতে পায় স্কুলের গেট ভাঙ্গা।ভাঙ্গা রয়েছে তালাও। এরপর স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এসে দেখেন পরপর পাঁচটি গেটের তালা এবং স্কুলের আলমারি ভেঙে চুরি করা হয়েছে। আনুমানিক দু লক্ষ টাকা নগদ , কম্পিউটার এবং চুরি গিয়েছে স্কুলের গুরুত্বপূর্ণ নথিও। স্কুল সূত্রে জানা গিয়েছে ,আজ স্কুলের অস্থায়ী কয়েকজন কর্মীকে মাসিক ভাতা দেওয়ার জন্য গতকালই এই দু লক্ষ টাকা রাখা হয়েছিল।এছাড়া আগামীকাল থেকে সমস্ত ক্লাসের পরীক্ষা শুরু হওয়ার কথা সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও চুরি হয়ে গিয়েছে। ফলে চিন্তিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত রয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই।স্থানীয় মানুষের দাবী স্কুলটি ১১৭ নম্বর জাতীয় সড়কের একেবারে পাশেই । তা সত্ত্বেও এখানে ঠিকমতো পুলিশি নজরদারি চলে না ।এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এই স্কুলে ।তার পরেও কেন প্রশাসন নজরদারি রাখলো না তা নিয়ে উঠছে প্রশ্ন।কয়েকদিন আগে ডায়মন্ড হারবার রায়নগর হাই স্কুলে একই ভাবে চুরির ঘটনা ঘটে। এবার মোহনপুর। পুলিশ ঘটনার তদন্ত করছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news