ভাস্কর মান্না:
বিজেপির দালালদের আমি ক্ষমা করি না। নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নাগরিকত্ব বিল ও এনআরসির প্রতিবাদে ডঃ বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা।
পদযাত্রার পর জোড়াসাঁকোর সভা থেকে মমতা বলেন, “দু একজন ভিডিওতে বড় বড় ভাষণ দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করছেন। তাঁরা বিজেপির দালাল। বিজেপির দালালদের আমি ক্ষমা করিনা। আমি সবাইকে ক্ষমা করি। বিজেপি যত খারাপ ওঁর দালালরা আরও বেশি খারাপ।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে দখল করার জন্য ওঁদের পরিকল্পনা আমি ভেস্তে দেব। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দেন মমতা। তিনি বলেন, ১ লক্ষ হাত একটা কালো কাপড়ে সই করুন, রক্ত দিয়ে নাম লিখুন, রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ চিঠি পাঠান।
রাজ্যে সেনা নামানোর কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, ওঁরা সেনা নামাতে চাইছে। সেনা নামাক। কিন্তু এই রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হতে দেব না। আমার মৃতদেহের ওপর দিয়ে আইন কার্যকর করুক। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রবিবার মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন কোনও আইনের বিরুদ্ধে এভাবে বার্তা দেওয়া যায় না। এই ভিডিও ডিলিট করার পরামর্শও দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news