নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মঙ্গলবার রাতে প্রকাশ্য রাস্তায় দুস্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন হাওড়ার ভাটোরার তৃণমূল নেতা ইমতিয়াজ আলি। সূত্রের খবর মঙ্গলবার রাতে ইমতিয়াজ তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার সময় উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের কাছে ৩ দুস্কৃতী খুব কাছ থেকে ইমতিয়াজকে লক্ষ্য করে ৩টি গুলি ছোঁড়ে। গুলি ইমতিয়াজের বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত গত বছরের ১৬ ই জুন ভোরে জয়পুরের ভাটোরায় বাড়ির সামনে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা মন্মথ এবং তার ভাই লালচাদকে। ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল নেতা ইমতিয়াজ আলির নাম জড়ায়। যদিও ঘটনার পর থেকেই ইমতিয়াজ এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ দিন লুকিয়ে থাকার পর ইমতিয়াজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। পরে তার জেল হেফাজতও হয়। জানা গিয়েছে, দিন ১৫ আগে ইমতিয়াজ জামিনে মুক্তি পায় এবং ভাটোরায় না ফিরে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঘটনা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news