নিজস্ব সংবাদদাতা:
হাওড়া: আজ পারলে ঘুরে আসুন হাওড়ার জয়পুরের খালনা গ্রামে। কারণ দুর্গোপুজো মানে যেমন কলকাতা, কালীপুজো আর বারাসাত যেমন সমার্থক, চন্দননগর যেমন জগদ্ধাত্রী আরাধনা স্থল, তেমনই হাওড়ার প্রত্যন্ত খালনা গ্রাম মানে সারম্বরে বারোয়ারি লক্ষ্মীপুজোর আয়োজন। সেখানে পৌঁছলেই বুঝবেন মা লক্ষ্মী শুধু ঘরে ঘরে পুজিত হন না, তার পুজোতেও আছে থিম থেকে সাবেকিয়ানার লড়াই। গত কয়েক বছর ধরেই লক্ষ্মী পুজোয় এভাবেই মেতে উঠছে খালনা। বলা বাহুল্য গোটা রাজ্য ঘুরে এজিনিস পাবেন না।
শোনা যায়, অতীতে খালনা গ্রামের অধিকাংশ মানুষই ছিলেন স্বর্ণ ও লোহার ব্যবসায়ী। ব্যবসায়ের শ্রীবৃদ্ধির লক্ষ্যে বাড়িতে বাড়িতে ধন অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনা একটা সময় সার্বজনীন পুজোর রূপ নেয়।
বর্তমানে খালনা গ্রামে ছোট বড় মিলিয়ে শতাধিক লক্ষী পুজো হয়। মন্দির থেকে লাল কেল্লা, মুক্তের প্রতিমা থেকে সাবেকিয়ানা— সব কিছুর মেলবন্ধন ঘটেছে এবারও খালনার বারোয়ারি লক্ষ্মী পুজোয়। স্থানীয় বাসিন্দাদের মতে, তাদের গ্রামের লক্ষ্মীপূজা স্থানীয় মানুষের কাছে দূর্গাপুজার সমান। অধিকাংশ বাসিন্দাদের মতে দুর্গাপূজায় অন্যরা যেভাবে নতুন জামাকাপড় পরে, লক্ষী পুজোতে খালনা গ্রামের মানুষেরা তেমন ভাবেই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। শুধু অভিনভ পুজোমণ্ডপে আর প্রতিমা দর্শন নয়, পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে গ্রামে মেলা বসে। চলে সপ্তাহ খানেক ধরে। রীতিমতো ভিড় হয় দর্শনার্থীদের। হাওড়া ছাড়াও পার্শবর্তী জেলা থেকে অসংখ্য মানুষ খালনার শতাধিক বারোয়ারি লক্ষ্মীপুজো উপভোগ করতে আসে।
ফলে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে হয়েছে। অতিরিক্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসেছে, গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো হয়েছে সি সি ক্যামেরা। অতএব, বোঝাই যাচ্ছে ঘরের পুজোটি সেরে আজ হাওড়ার জয়পুরের খালনা গ্রামে ভিড় জমানোর দিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news