চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট। এই বিস্ফোরণের পরে শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আশেপাশে বাড়ির ছাদ, জানালা-দরজা ভেঙে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, ৭০ জন মানুষের মৃত্যু হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে স্থানীয় প্রশাসন জানাচ্ছে।
এদিন সন্ধ্যায় বেইরুট শহরের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। প্রথমে লেবাননের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় তারপরই এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে তার তীব্রতা প্রায় ৫০ কিলোমিটার দূর পর্যন্ত প্রভাব ফেলেছে। এমনকি বিস্ফোরণের আওয়াজ ২০০ কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাসেও শোনা গিয়েছে। জার্মানির বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণটি রিখটার ৩.৫ মাত্রা ভূমিকম্পের সৃষ্টি করেছিল। বিস্ফোরণে আহতদের শহরের হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। প্রায় সব হাসপাতালেই বেড ভর্তি হয়ে যায়। অনেক রোগীর রক্তের অভাবে চিকিৎসার সমস্যা হয়।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে দেশের সেনাবাহিনী। দেশের প্রশাসন এই বিস্ফোরনে সরকারের কোনও হাত ছিল না বলে জানিয়েছেন। এই ঘটনার নিন্দা করেছে বিশ্বের বহু দেশ। মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও এই ঘটনাকে তীব্র দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news