নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
গ্যাস ভর্তি ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হয়ে আতঙ্ক ছড়াল সাঁকরাইলের রানীহাটিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড় ছাড়িয়ে কিছুটা দূরে কলকাতার দিকে যাওয়া একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে।ঘটনায় গ্যাস ট্যাঙ্কারের পিছনের দিকে থাকা একটি ভাল্ব খুলে গিয়ে দ্রুত গ্যাস বের হতে থাকে। নিমিষে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে গ্যাস লিকের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় রাফ। ট্যাঙ্কারের আশেপাশে বেশ কয়েক মিটার এলাকা ঘিরে ফেলা হয়। জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দমকলের পাশাপাশি খবর দেওয়া হয় গ্যাস কোম্পানির কর্মকর্তাদের। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের ভাল্ব ঠিক করে। এদিকে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হওয়ায় পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাড়িতে আগুন না জ্বালাতে বলা হয়। অপরদিকে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুটি লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে সকাল ৯টা নাগাদ গ্যাস ট্যাঙ্কারটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news