ওয়েব ডেস্ক
শুভদৃষ্টি, মালাবদল দেখে প্লেটে মাটন বিরিয়ানি নিয়ে সবে এক চামচ মুখে দিয়েছেন, আর তখনই যদি বিসমিল্লার সানাই বন্ধ হয়ে তৃণমূলের থিম সং শুরু হয়ে যায় তখন সন্দেহ হতেই পারে ভুল বিয়েবাড়িতে পৌঁছলেন কিনা! ঘাবড়ানোর কিছু নেই, এটাই নাকি এই বিয়ের মরশুমের ‘ট্রেন্ডিং’, এমনটাই বলছে ‘ইন্ডিয়া টুডে’। এই সংবাদপত্রের দাবি ভোটের মরশুমে বিয়েবাড়িগুলির মালিকদের সঙ্গে এমনই চুক্তি করেছে শাসক দল। তৃণমূলের পার্টি অফিস ও ক্লাবের আশপাশের বিয়েবাড়িতে অনুষ্ঠানের মাঝে তৃণমূলের থিম সং চালাতে হবে। নাহলে কী হবে সে নিয়ে আর তর্ক করার সাহস হয়নি কোনও বিয়েবাড়ির মালিকেরই। অগত্যা ভাড়া দেওয়ার সময় ক্লায়েন্টকে চুক্তিবদ্ধ করা হচ্ছে যে তাঁর বিয়েতে বিসমিল্লার সানাই থামিয়ে মাঝে মাঝে বেজে উঠবে তৃণমূলের গান। যে ক্লায়েন্ট রাজি হচ্ছেন, তাকেই বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে।
মানে একদিকে যখন নবদম্পতির মন দেওয়া নেওয়ার প্রথম পর্ব চলছে, তখন ব্যাকগ্রাউন্ডে তৃণমূলের কাজের গুনগান করে গান বাজছে। তৃণমূলের এই অলিখিত ফতোয়া না মানলে ব্যবসাই লাটে উঠতে পারে, তাই তা না মানার সাহস হয়নি নামপ্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার বিয়েবাড়ির মালিকের। ‘ইন্ডিয়া টুডে’কে তিনি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীদের ‘অনুরোধ’ ফেলতে পারেননি, তাই বিয়েবাড়িতে ওই গান বাজানো হচ্ছে। সিপিএম কর্মীরা ‘ইন্ডিয়া টুডে’কে বলছেন শাসক দলের এই দাদাগিরি নতুন কিছু নয়, পুজোর সময়ও মণ্ডপে মণ্ডপে ‘দিদি’র অ্যালবাম বাজানোর ফতোয়া জারি করেছিল তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news