নিজস্ব প্রতিবেদন:
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল ৫ জন শ্রমিকের। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, ওই ৫ জন শ্রমিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। তারা কাজের সূত্রে জম্মুতে গিয়েছিল।
এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময় কাশ্মীর সফরে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ২৩ জন সাংসদ। তাঁদের সামনে কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতেই পাকিস্তানের এই পরিকল্পনা। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে সীমান্তে কোনো প্রাণহানি হয়নি। এই ইস্যুকে সামনে রেখেই বারবার বিশ্ব মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করেছে নয়াদিল্লি। এদিন ইউরোপীয় ইউনিয়নের কাছে নয়াদিল্লির সেই দাবিকে খারিজ করতেই পাকিস্তানের এই পরিকল্পনা বলে মনে করছেন কূটনীতিকরা।
এর আগে এদিন সকালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের একটি দলের উপর গুলি চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে দ্রবগাম এলাকায় একটি স্কুলের সামনে প্রথম হামলা চালায় জঙ্গিরা। ওই স্কুলটিতে বোর্ডের পরীক্ষার জন্য সেন্টার করা হয়েছিল। সেখানে গুলি চালিয়ে চলে যায়। তবে এই ঘটনায় কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। জঙ্গিদের সন্ধানে পুরো এলাকা বিশাল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কাশ্মীরে ভিন্ন রাজ্যের ৫ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোদীকে কাঠগড়ায় তোলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের খাতির করতে ব্যস্ত মোদী সরকার। এই সুযোগে সন্ত্রাসবাদীরা ব্যস্ত তাদের উপস্থিতি প্রমাণ করতে। আর এতে করে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। যারা কাশ্মীরের বাইরের মানুষ!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news