আশিস মণ্ডল, রামপুরহাট, ২৯ এপ্রিল ঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে নির্বাচন একটি। কিন্তু ত্রিস্তর পঞ্চায়েত উৎসব থেকে বঞ্চিত হলেন জেলার ষোলটি ব্লকের মানুষ। তবে হাজারও বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে চারটি ব্লকে নির্বাচন হতে চলেছে সেখানে ইতিমধ্যেই উৎসবের মেজাজ ধরা পড়েছে। মনোনয়ন দাখিলের সন্ত্রাস ভুলে শুরু হয়েছে দেওয়ালে ছড়ার লড়াই। শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা জানে না, তবে এই দেওয়াল লিখনই তাড়িয়ে উপভোগ করছেন ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মানুষ।
বীরভূম জেলার ৪২ টি জেলা পরিষদের আসনের মধ্যে সবগুলিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৬ টি এবং ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০ টি পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির ৪৬৫ টি আসনের মধ্যে ৪০৫ টি এবং গ্রাম পঞ্চায়েতের ২২৪৭ টি আসনের মধ্যে ১৯৬৭ টি দখল করে নিয়েছে তৃণমূল। তবে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে প্রতিরোধ গড়ে বিরোধীরা। পঞ্চায়েত সমিতির ২৭ টি আসনের মধ্যে বিরোধী বিজেপি ২৩ টিতে প্রার্থী দিয়েছে। এছাড়া বামফ্রন্ট ২২ টিতে লড়াই করছে। ৯ টি গ্রাম পঞ্চায়েতে ১২১ টি আসনের মধ্যে বিজেপি লড়াই করছে ৯৪ টি আসনে। বামফ্রন্ট ৭৯ টি আসনে লড়াই করছে। যথারীতি ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে নির্বাচনী উৎসব শুরু হয়ে গিয়েছে। একই দেওয়ালে শাসক বিরোধী দেওয়াল লিখন উপভোগ করছেন এলাকার মানুষ। মনোনয়ন জমা দেওয়ার লড়াই শেষ। এবার শুরু হয়েছে দেওয়ালে দেওয়ালে ছড়ার লড়াই। বিজেপি লিখেছে “মা কাঁদছে, মাটি ফাটছে, মানুষ বলছে, অনেক হল ভুল, এবার পদ্ম ফুল”। একই দেওয়ালে তৃণমূল লিখেছে, “এগিয়ে বাংলা, পিছিয়ে দেশ, মোদির জন্য উন্নয়ন শেষ”। পাশের আরেকটি দেওয়ালে বিজেপি লিখেছে, “পিছিয়ে বাংলা, এগিয়ে দেশ, তৃণমূলরাই করল বাংলাকে শেষ। সিপিএম লিখেছে, “নিজের ভোট নিজে দিন, ভোট লুঠ রুখে দিন। চিটফান্ডের টাকা লুঠ করা তৃণমূল সরকার, আর নেই দরকার”। এরকম একাধিক ছড়াই ভরে উঠেছে দেওয়াল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “এখানেও প্রথম দিকে মনোনয়ন জমা দিতে বাধার সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমরা নিজের শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে মনোনয়ন জমা করেছি। তারপরও বহু হুমকি এসেছে। সমস্ত হুমকিকে অতিক্রম করে এখনও আমরা টিকে রয়েছি। তাই ছড়া লিখে আমরা রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছি। এই ছড়া মানুষের মধ্যে প্রভাব পড়বেই”। পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তৃণমূলের ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সাংগঠনিক শক্তি দিয়ে দেওয়াল লিখন শেষ করেছি। ছড়ার মাধ্যমে মূল বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ষাটের দশকে বামফ্রন্ট এই ছড়া লেখা শুরু করেছিল। এই ছড়াই দেশে ঝড় তুলে দিয়েছিল। তাই এখনও সেই রীতি বজায় রয়েছে”। সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী মহম্মদ গোলাম নবী বলেন, “তৃণমূল যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমরা মানুষের সামনে তুলে ধরেছি। কিছুটা বাড়ি বাড়ি গিয়ে, আবার কিছুটা দেওয়ালে ছড়ার মাধ্যমে ”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news