নিজস্ব সংবাদদাতা:
জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হল এন্টালিতে। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বন্ধ ঘরের দরজা ভেঙে আত্মঘাতী জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে এন্টালি থানার পুলিস। ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।
পুলিস সূত্রে খবর, সেই সুইসাইড নোটে মানসিক অবসাদের কথা লেখা রয়েছে। সুইসাইড নোটে জীবনের প্রতি আসক্তি হারানোর কথা লেখা রয়েছে। স্বামী বেঙ্গালুরুতে থাকেন। মার্চ থেকে দেখা হয়নি। একথা বন্ধু বা রুমমেটদের একাধিকবার মানসী জানিয়েছিলেন বলেও জানা গিয়েছে। এদিন সকালে ৯টা নাগাদ বন্ধুদের ফোন করেন মানসী। বছর ছাব্বিশের জুনিয়র ডাক্তার বন্ধুদের তখন জানান যে, তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু তারপর আর তাঁকে কলেজে আসতে না দেখে, শুরু হয় খোঁজাখুঁজি। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। সেইসময় এই ডেন্টাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে তৈরির জন্য বৈঠক চলছিল।
কলকাতার শিয়ালদহর ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের এক শিক্ষানবিশ মহিলা চিকিৎসক মানষী মন্ডল। তিনি দন্ত চিকিৎসার সার্জারি বিভাগে শিক্ষানবিশ ছিলেন। স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামী বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন এই পড়ুয়া চিকিৎসক আত্মহত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news