প্রসেনজিৎ মাহাতো
দেশের জার্সিতে সর্বাধিক ১০৭ ম্যাচ খেলেছিলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। বুধবার কিংস কাপে কুরাসাওয়ের বিরুদ্ধে ১০৮ নম্বর ম্যাচ খেলে বাইচুংকে ছাপিয়ে গেলেন সুনীল ছেত্রী। তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বাইচুং। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল সম্পর্কে বাইচুংয়ের প্রতিক্রিয়া, আমি ওর জন্য গর্বিত। অনেক অভিনন্দন। সুনীল একজন প্রকৃত নেতা। দেশের একজন বড় ফুটবলার। আশা করব, ও যেভাবে খেলে চলেছে, তা আগামী দিনেও বজায় রাখবে। ওর কমিটমেন্টের অভাব নেই। যেদিন কলকাতায় প্রথম দিন আমার সঙ্গে দেখা হয়েছিল, তখনই সুনীলের মধ্যে একটা বাড়তি তাগিদ দেখেছিলাম। সাফল্য পাওয়ার খিদেটাই ওকে স্পেশ্যাল করে তুলেছে। প্রচণ্ড সিরিয়াস, নিষ্ঠাবান। পুরোপুরি পেশাদার। ও এখনও দীর্ঘদিন খেলে যেতে পারে। সিনিয়র ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশ পরিশ্রমী। এমনকী অনেক নবীন ফুটবলারের তুলনায় এ ব্যাপারে ও এগিয়ে। জিমে গিয়ে সবসময় বাড়তি কিছু করে। নিজেকে যেভাবে ফিট রেখেছে, তা সকলের কাছে একটা দৃষ্টান্ত।’ অভিনন্দন জানিয়েছেন রেনেডি সিং। জাতীয় দলের প্রাক্তন ফুটবলারের মতে, ‘এক যুগের ওপর সুনীল ধারাবাহিকভাবে দেশের জার্সিতে সেরা দিয়ে চলেছে। কোনও ফুটবলারই মাঠে নেমে রেকর্ডের কথা ভেবে খেলে না। সুনীলও করেনি। ওর ভাল খেলার ফসল অনেক সাফল্য আর এইধরনের দৃষ্টান্ত স্থাপন। আশা করব, আরও এগোবে সুনীল।’ ভারতীয় ফুটবল দলের আর এক প্রাক্তন ডিফেন্ডার মহেশ গাউলির প্রতিক্রিয়া, ‘সুনীল তখন বাচ্চা ছেলে, মোহনবাগানে খেলার সময় থেকে জানি। ওর নিষ্ঠা অন্যদের প্রেরণা। সেকারণেই দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছে। এটা অনেক বড় কৃতিত্ব।’ এদিকে দেশের জার্সিতে অভিষেক ঘটা ৬ ফুটবলার রাহুল বেকে, ব্র্যান্ডন, সাহাল, রেনিয়ার, অমরজিৎ ও সুসেইরাজরা এখনও ঘোরে রয়েছেন। ভারতের সিনিয়র দলে খেলার স্বপ্ন পূরণ হওয়া ও জাতীয় সঙ্গীত বাজার সময় ব্র্যান্ডনের চোখে জল চলে এসেছিল। বাড়ির কথা বারবার মনে পড়েছে। দেশের হয়ে খেলাকে জীবনের সেরা মুহূর্ত মনে করেন বেকে। কোচ স্টিম্যাকের আস্থার মর্যাদা রাখতে মরিয়া ভাল খেলে। রেনিয়ারের মনে পড়ছে প্রয়াত বাবার কথা। তিনি চেয়েছিলেন ছেলে দেশের হয়ে খেলুক। সাহাল ও অমরজিতের খেলা নজর কেড়েছে কোচ স্টিম্যাকের। এতে দুই ফুটবলার মনে করেন, ভাল খেলার দায়িত্ব আরও বাড়ল। স্টিম্যাকের মতো কোচের তত্ত্বাবধানে খেলা ভাগ্যের ব্যাপার। সুসেইরাজের প্রেরণা দাদা রেজিন। কোচ স্টিম্যাক ছাড়া তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন। কিংস কাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের কাছে হারলেও ফুটবলারদের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন কোচ স্টিম্যাক। বুধবার থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে গেছে ভিয়েতনাম। শনিবার থাইল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে বুরিরামের চ্যাং এরিনায় ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সুনীলরা। আর এক ভুল করতে চান না থাইল্যান্ড ম্যাচে। কুরাসাওয়ের বিরুদ্ধে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই তিন গোল হজম করতে হয়েছিল। প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ায় খেলায় ফেরা সম্ভব হয়নি। থাইল্যান্ডের বিরুদ্ধে রক্ষণ জমাট রেখেই আক্রমণ হেনে জয় তুলে নিতে চান সুনীল, প্রণয়, সন্দেশ, গুরপ্রীতরা। সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি বছরের গোড়ায় এশিয়ান কাপে থাইল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেটাই তাতাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news