ওয়েব ডেস্ক
আজ ভোর থেকেই অমৃতসরের কাছে ওয়াঘা সীমান্তে ভিড় জমতে শুরু করেছে। মিডিয়া থেকে সাধারন মানুষ, সকলের ফোকাস-ওয়াঘা। কারন জানা গিয়েছে, এই পথ ধরে ঘরে ফিরবেন ভারতের বীরপুত্র অভিনন্দন বর্ধমান। জানা গিয়েছে, বিটিং রিট্রিট সেরিমনির সময় অভিনন্দন ভারতে ফিরতে পারেন। তবুও সকাল থেকেই ভারতের পতাকা, ঢোল, ফুল, মালা নিয়ে ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন শয়ে শয়ে দেশবাসী। মাঝে মাঝেই ‘ভারত মাতা কী জয়’! রব উঠছে। এক নজরে দেখে মনে হবে আজই ২৬ জানুয়ারি বা ১৫ অগাস্ট। শত্রুপক্ষের সামনে চোখ ও হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে অভিনন্দনের দৃপ্ত, নির্লিপ্ত ভঙ্গি ১০০ কোটি ভারতবাসীর মন ছুঁয়ে গিয়েছে । অভিনন্দনের মতো বীরপুত্র থাকতে ভয় কী ভারতের? তাই অনেকেই ছুটে গিয়েছেন ভারতের এই লৌহপুরুষকে স্বাগত জানাতে। ভোর থেকে অপেক্ষায় রয়েছেন দিল্লি, হরিয়ানা, পঞ্জাব থেকে আসা মানুষগুলি। বলছেন রাত হলেও অভিনন্দনের জন্য অপেক্ষা করবেন তাঁরা।
জানা গিয়েছে আজ ১২টার পর রাওয়ালপিন্ডি থেকে বিমানে করে লাহোরে আনা হবে অভিনন্দন বর্ধমানকে। সেখানে ভারতীয় দূতাবাসের হাতে তুলে দেওয়া হবে তাঁকে। এরপর ওয়াঘা পেরিয়ে দেশে ফিরবেন অভিনন্দন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news