ওয়েব ডেস্কঃ
গত এক বছর ধরে উল্লেখযোগ্যভাবে কমছে গাড়ি বিক্রির সংখ্যা। সব রেকর্ড ছাড়িয়ে আগস্টে গাড়ি বিক্রি সংখ্যা ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই অবস্থায় গাড়ি শিল্পকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত কেন্দ্র।
বৃহস্পতিবার নয়াদিল্লীতে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন, “গাড়ি শিল্পের অগ্রগতির জন্য আমরা সবরকম সাহায্য করব। এমনকি জিএসটি কমানোর বিষয়টিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে পেশ করা হবে।” এছাড়া বাণিজ্যিক চাহিদা বাড়াতে আগামী ৩ মাসে মোট ৫ লক্ষ কোটি টাকার ৬৮ টি সড়ক প্রকল্পের বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি।
অন্যদিকে, গাড়ি সংস্থাগুলির বিক্রি কমার কারণে উৎপাদন কমানো এবং কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হচ্ছে তারা। এই অবস্থায় কেন্দ্রের সাহায্য দরকার বলে মনে করছে গাড়ি সংস্থাগুলি। গাড়ি শিল্পকে বাঁচানোর জন্য দু’দিন আগে সিয়ামের চেয়ারম্যান জিএসটি কমানোর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ওপর ২৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। অথচ বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে ১২ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ জিএসটি নেওয়া হয়। গাড়ি শিল্পের এই রুগ্ন অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্রের কাছে আমাদের আর্জি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হোক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news