ওয়েব ডেস্ক
চুপিসাড়ে ভালবাসার মানুষটির সঙ্গে খুনসুটি, বান্ধবীর সঙ্গে গসিপ, কলেজ ক্রাশের সঙ্গে আড্ডা- ফেসবুক মেসেঞ্জারের সার্ভারের প্রতিটি কিলোবাইটে লুকিয়ে কত গল্প। রাত বাড়লে গল্পগুলির মাদকতা বাড়ে, দিনের বন্ধুত্ব রাত গড়ালে রোম্যান্টিক হয়ে ওঠে- এসব তো জানে মেসেঞ্জার। তাই সেই গল্পগুলি আরও মোহময়ী করে তুলতে এবার ফেসবুক মেসেঞ্জার আনছে ‘ডার্ক মোড’। রাত বাড়লে একটি বাটন প্রেস করলেই আপনার স্ক্রিনেও নেমে আসবে রাতের চাঁদনি, আকাশের তারা। অন্ধকারে আরও রহস্যময় আরও মোহিনী হয়ে উঠবে প্রিয়জনের চ্যাট মেসেজ। তবে কী করতে হবে ‘ডার্ক মোড’ অন করতে?ব্যবহারকারীকে চ্যাটে ‘ক্রিসেন্ট চাঁদ’ বা বাঁকা চাঁদের ইমোজি পাঠাতে হবে, তারপরে ইমোজিতে একটি ট্যাপ করতে হবে। ব্যাস, আর কী অ্যানিমেশনের মাধ্যমে রাত নেমে আসবে আপনার স্ক্রিনে। তবে টেক্সটের রঙ একই রাখা হয়েছে। এরপর আর কী, রাতের মোহনায় আড্ডা চলুক রাতভর। আপাতত পরীক্ষা পর্যায়ে রয়েছে এই ‘ডার্ক মোড’।
যদিও ফেসবুকের সিইও ও জনক মার্ক জাকারবার্গ বলছেন, চোখের ওপর স্ক্রিনের রশ্মীর চাপ কমাতেই এই মোড আনা হচ্ছে। টানা মোবাইল, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে নানা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই সম্প্রতি ফেসবুক অ্যাপেও ‘টাইম ট্র্যাক’ ফিচারটি শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি ডার্ক মোড হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামেও আনা হবে। তবে মোহময় ভার্চুয়াল ইন্টারফেস চোখের আরামের পাশাপাশি আড্ডার পরিধি আরও বাড়িয়ে দেবে সন্দেহ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news