নীল রায়।
এনআরসি নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দলের সংখ্যালঘু নেতাদের ময়দানে নামাতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সূত্র মারফৎ তেমনটাই জানা গিয়েছে। দলের এই কর্মসূচি নিয়ে নেতৃত্বে থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তৃণমূল সংখ্যালঘু সেলের প্রধান হাজি নুরুল ইসলাম।
সেই নির্দেশ মতোই রবিবার বিকেলে জঙ্গিপুর বিধানসভায় প্রতিবাদ মিছিল করলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। তাঁর নেতৃত্বে প্রায় ৫ হাজার মানুষের একটি মিছিল গোটা জঙ্গিপুর প্রদক্ষিণ করে। তিনি বলেন, “যেভাবে নরেন্দ্র মোদি সরকার এনআরসি কার্যকর করে দেশের মানুষকে বিদেশি বানাতে চাইছে তা অত্যন্ত ঘৃণ্য চক্রান্তে শামিল। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের। তাই আমরা মিছিলের মধ্যে দিয়ে প্রতিবাদ করলাম।” চলতি মাসের ২২ তারিখ থেকে এনআরসির বিরুদ্ধে প্রতি জেলায় সভা করতে যাবেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তৃণমূলের সংখ্যালঘু সেলের তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। ২২ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রথম সভা। পরে মালদহে সভা হবে। এই কর্মসূচি চলবে শারোদৎসবের পরেও। আগামী সপ্তাহে এই সংক্রান্ত বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন সিদ্দিকুললাহ ও হাজি নুরুল।
সম্প্রতি রাজ্য বিধানসভায় গণপিটুনি রুখতে বিল পাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে বেশকিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। তার ওপর রাশ টানতেই সুপ্রিমকোর্ট প্রত্যেক রাজ্যকে নিজের মতো করে আইন আনতে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার গণপিটুনি বিল পাস করেছে বিধানসভায়। সেই বিষয়টিও সংখ্যালঘু নেতাদের প্রচারের আলোয় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news