প্রসেনজিৎ মাহাতো
কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা আনসুমানা ক্রোমার বং কানেকশনটা কীরকম? উত্তর মেলে কালিকাপুরের অমৃতা দেব অ্যাপার্টমেন্টে তঁার ঘরে গেলে। দিব্যি সংসার গুছিয়েছেন। বছর তিনেক কলকাতায় থাকার সুবাদে এক বাঙালি মেয়ের প্রেমে মজেছেন দুই প্রধানে খেলা লাইবেরিয়ান স্ট্রাইকার। দমদমের মেয়ে পুজা দত্তের সঙ্গে সম্পর্কের বয়স বছর দুই গড়িয়েছে। দু’জনেই বিয়ে করার স্বপ্নও দেখছেন। ‘হায়েস্ট স্কোরারের স্বীকৃতি আমি পুজাকে উৎসর্গ করছি। ও পাশে না থাকলে এই কৃতিত্ব অর্জন করতে পারতাম না। ও সবসময় আমাকে খুব সাপোর্ট করে। উৎসাহ দেয়। আমার যখন কোনও ক্লাব ছিল না, ও আমাকে মোটিভেট করত। বলত, হাল ছেড়ো না। ভাল সময় আসবেই। আজকের দিনে ওর কাছে কৃতজ্ঞ।’ ক্রোমা যখন কথাগুলো বলছিলেন, বান্ধবীর মুখে তখন চওড়া হাসি। কথপোকথনের শুরুতে নিজের পরিচয় জানাতে গিয়ে পুজা নাম বলার সঙ্গে সঙ্গেই পাশ থেকে ক্রোমা বলে উঠলেন, ‘ওর নাম পুজা ক্রোমা দত্ত’। আবারও হেসে ফেললেন তিনি।
বাঙালি হয়ে একজন লাইবেরিয়ানের সঙ্গে প্রেম–কাহিনী। শুরুর দিকে অনেকে অনেক কথাই বলেছিলেন। সাহস করে এগিয়েছেন পুজা। ক্রোমার খেপ খেলাও নিয়েও বিস্তর কথা শুনতে হয়েছে তঁাকে। বান্ধবী বলছিলেন, ‘দেখুন, কলকাতায় আসার পর ওর কোনও ক্লাব ছিল না। তখন ও খেপ খেলেই পেট চালাতো। মোহনবাগান, ইস্টবেঙ্গল বড় ক্লাবে খেলেও ও খেপ খেলা ছাড়েনি। আমিও কখনও বারণ করিনি।’ বাঙালি বান্ধবীর সঙ্গে থাকতে থাকতে বাংলাও বেশ ভালই শিখে গেছেন ক্রোমা। বাঙালি খাবারের পদ পছন্দ না হলেও মিষ্টি খেতে খুব ভালবাসেন। ‘খেপ’ নিয়ে কথা বলার সময়ই স্পষ্ট বাংলায় ক্রোমা বলে উঠলেন, ‘আমি খেপ খেলব।’ একটু থেমে জুড়লেন, ‘ফুটবলটা আমার ভালবাসা। খেপ মানে তো ফুটবলই খেলছি। এতে কোনও অন্যায় দেখছি না আমি।’
কলকাতা লিগে পিয়ারলেসকে রানার্স করতে পেরে খুশিতে ভাসছেন ক্রোমা। তঁার কথায়, ‘দীর্ঘদিন বাদে ছোট ক্লাব রানার্স হল। এই রানার্স হওয়াটাই আমাদের মত ছোট টিমের কাছে চ্যাম্পিয়ন হওয়ার সমান। ইস্টবেঙ্গল, মহমেডান আমাদের নীচে, ভাবলেই অবাক হচ্ছি।’
ঘরোয়া লিগে ডিপান্ডা ডিকাকে টপকে সর্বোচ্চ গোলদাতা। ডিকাকে নিয়ে ক্রোমার বক্তব্য, ‘ও বড় মাপের স্ট্রাইকার। খুব ঠান্ডা মাথা। ভাল ফুটবলারের পাশাপাশি বড় মনের মানুষ।’ কলকাতা লিগে দুরন্ত পারফরমেন্সের পর আই লিগে তঁার সামনে খুলে গেছে আইজল এফসি–র দরজা। ভারতে আসার পর পাহাড়ে প্রথমবার খেলবেন। তা নিয়ে একটু হলেও চিন্তিত ক্রোমা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news