চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সীমান্তে উত্তেজনা অব্যাহত। সেনা সরানোর কথা থাকলেও, তা মানছে না চিন। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে বৈঠকে বসেছে চায়না স্টাডি গ্রুপ।

সীমান্ত নিয়ে চিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তার নীতিগত সিদ্ধান্ত এই গ্রুপকেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী নাম না করে একযোগে পাকিস্তান ও চিনকে আক্রমণ করেছিলেন। মোদী বলেছিলেন, “নিয়ন্ত্রনরেখা থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পর্যন্ত, সন্ত্রাসবাদ থেকে সম্প্রসারণবাদ পর্যন্ত সব বিষয়েই উত্তর দেবে ভারত।” প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পরে এই প্রথম চায়না স্টাডি গ্রূপের বৈঠক হচ্ছে। ফলে কূটনৈতিক দিক দিয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকে মূলত পাকিস্তান ও চিন এই দুই দেশের সঙ্গে আগামীদিনে কিভাবে মোকাবিলা করা সম্ভব তা নিয়েই আলোচনা হবে। তবে বর্তমানে চিনের পরিস্থিতির দিকেই বেশি করে নজর দেওয়া হচ্ছে। সূত্রের খবর, চিনের সঙ্গে কোনওরকম আপস করতে নারাজ গ্রূপের সদস্যরা। এপ্রিলে যে জায়গায় চিনের পিপলস লিবারেশন আর্মি মোতায়েন ছিল, এখন উপত্যকা থেকে সরিয়ে সেই জায়গায়ই সরানোর পক্ষপাতী অজিত ডোভাল গোষ্ঠী। এমনকি জানা যাচ্ছে, চিনের বাহিনীর সঙ্গে মোকাবিলায় ভারতীয় জওয়ানদের যেকোনও পদক্ষেপ নেওয়ার অধিকার দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।
প্রতিবেশী দুই দেশকে মোকাবিলা করতে যা যা রণনীতি প্রয়োজন, তাই এই চিনা স্টাডি গ্রূপই চূড়ান্তভাবে ঠিক করবে। এই গ্রূপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব ও তিন বাহিনীর সেনা প্রধান। এছাড়াও থাকছেন ‘র’ ও আইবি’র প্রধানরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news