চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
বিশ্বভারতীর পৌষ মেলার মাঠকে ঘেরার প্রতিবাদে আজ নজিরবিহীন জন বিক্ষোভের সাক্ষী থাকল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। বিক্ষোভের মাত্রা এতটাই ছড়াল যে এর মধ্যে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।
উন্মুক্ত খোলামেলা দিগন্ত প্রসারিত শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘেরার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতেই ক্ষোভ দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের আপত্তি সত্ত্বেও, গতকাল রবিবার কর্মচারীদের কাজ শুরু করার নির্দেশ দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। আজ কারোনাকে উপেক্ষা করেই ২ হাজারের বেশি স্থানীয় মানুষ জমা হয় মাঠ সংলগ্ন ক্যাম্পাস চত্বরে। মেলার মাঠে ঢোকার মূল গেট জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেয় জনতা। পাঁচিল তৈরির জন্য যে নালা কাটা হয়েছিল এদিন তাও বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। এমনকি উপাচার্য মাঠে যে অস্থায়ী মঞ্চ তৈরি করেছিলেন সেটিকেও ভেঙে দেওয়া হয়। পুরো ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।
এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিক্ততা ভুলে পরিস্থিতি জানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শান্তির পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেদিকে মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার অনুরোধ জানান রাজ্যপাল। মুখ্যমন্ত্রীও পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে কোনও রকম অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে, সেদিকে তিনি নজর দেবেন বলে জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news