নিজস্ব সংবাদদাতা, কুলতলি:
আরও একবার বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও কুলতলি থানার যৌথ উদ্যোগে বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। সেখান থেকে উদ্ধার হল বেশ কয়েকটি নতুন অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও কুলতলি থানার পুলিশ কর্মীরা হানা দেয় কুলতলি থানার অন্তর্গত অম্বিকানগর কোয়াবাটি গ্রামে। পুলিশের কাছে খবর ছিল এই গ্রামের বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে অস্ত্র কেনা বেচার কাজ চলছে দীর্ঘদিন ধরে। সেই মোতাবেক সেখানে হানা দিয়ে বিশ্বনাথ মণ্ডল ও তার ছেলে বিকাশ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এবং বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি লং রেঞ্জ একনালা বন্দুক, দুটো ওয়ান শাটার পাইপগান, ছটি গুলি, ছটি তাজা বোমা ছাড়াও বেশ কয়েকটি অসমাপ্ত বন্দুক ও বন্দুক তৈরির যাবতীয় সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। পাশাপাশি এই অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে কারা কারা অস্ত্র কেনা বেচা করতো সেটি ও ক্ষতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news