চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৪৮ ঘন্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরে নিজের বাড়িতেই জঙ্গিদের গুলিতে নিহত হলেন বিজেপি প্রধান। ঘটনাটি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ভেসসু গ্রামে ঘটেছে।
জানা গিয়েছে, এদিন সকালে ভেসসু গ্রামের প্রধান তথা বিজেপি নেতা সাজাদ আহমেদ খান্ডকে নিজের বাড়ির সামনেই গুলি করে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে অনন্তনাগের জিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারেনডেন্ট ডঃ মোহদ ইকবাল শফি, বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা সামনে আসার পরই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ ও সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ৪৮ ঘন্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে এই নিয়ে দু’জন বিজেপি নেতার উপর গুলি চালাল জঙ্গিরা। এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় বিজেপি নেতা আরিফ আহমেদকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ অবস্থায় বিজেপি নেতা হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে গত মাসে কাশ্মীর থেকে দু’জন বিজেপি নেতা নিখোঁজ হয়ে যান। ফের এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে উপত্যকার রাজধানীতে। বিজেপি নেতাদের পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news