ওয়েব ডেস্কঃ
কার্গিল দিবসের ২০ তম বর্ষে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশপাশি শনিবার দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে কার্গিল বিজয় দিবসের মঞ্চ থেকে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেন, “কাশ্মীর নিয়ে বরাবরই রাজনীতি করে এসেছে পাকিস্তান। কিন্তু ১৯৯৯-এ ভারত যে এইভাবে পাকিস্তানকে জবাব দেবে, তা তারা ভাবতে পারেনি।” তিনি আরও বলেন, “কার্গিল যুদ্ধের মাধ্যমে ভারতের শক্তি সমগ্র বিশ্ব দেখেছে। দেশকে সুরক্ষিত রাখতে আমাদের সেনারা যে বলিদান দিয়েছে তা কখনও ব্যর্থ হতে দেব না।” একইসঙ্গে কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গে মোদী বলেন, “পাকিস্তান এখনও সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে। সন্ত্রাসবাদ বন্ধ না করলে কোন রকম চাপের মুখে নতি স্বীকার করবে না ভারত। দেশের সঙ্গে কোনো রকম আপস করা হবে না।”

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন ‘পরমবীর চক্র’ প্রাপক সেনারা ও শহীদ পরিবারের লোকজন। প্রসঙ্গত, এর আগে শুক্রবার কার্গিল যুদ্ধের সেনাদের সঙ্গে তাঁর একটি ছবি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news