চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমনের জেরে অতিথিদের তালিকা ছোট করা হল রাম মন্দির নির্মাণের ভূমি পূজায়। সূত্রের খবর, প্রথমে ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা থাকলেও, কেটেছেঁটে ২০০ জন অতিথির তালিকা তৈরি করেছে রাম মন্দির ট্রাস্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়া আমন্ত্রিত তালিকায় কোনও মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি। এর পিছনে নিরাপত্তার কারণও জড়িয়ে রয়েছে বলে জানানো হচ্ছে।
বিশ্ব হিন্দু পরিষদ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান সদস্যরা অতিথিদের তালিকা তৈরিতে প্রধান ভূমিকা নিয়েছেন। জানা গিয়েছে, নিমন্ত্রিত অতিথিদের টেলিফোন বা চিঠির মাধ্যমে ভূমি পূজায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও প্রধান অতিথিদের তালিকায় আমন্ত্রণ জানানো হয়েছে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধভি ঋতাম্ভারা, কল্যাণ সিংহ, এবং জয় ভান সিংহ পবাইয়া। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া ৫ আগস্ট ভূমি পূজার দিন উপস্থিত থাকবেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ১৫ জন সদস্য। তাঁরা হলেন মহেন্দ্র নৃত্য গোপাল দাস, স্বামী গোবিন্দ দেব গিরি, চম্পত রাই, নৃপেন্দ্র মিশ্র, স্বামী বাসুদেবানন্দ সরস্বতী, স্বামী বিশ্ব প্রসন্ন তীর্থ জি মহারাজ, যুগ পুরুষ প্রমানন্দ গিরি, বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, অনিল মিশ্র, কামেশ্বর চৌপাল, মহন্ত দীনেন্দ্র দাস জি, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক গণেশ কুমার, উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অবনীশ অবস্থি এবং অযোধ্যার জেলাশাসক অনুজ ঝা।
এ ছাড়া এদিন উপস্থিত থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার, কার্যকরী সভাপতি সদাশিব কোকজে, আন্তর্জাতিক সভাপতি দীনেশ চন্দ্র, বজরং দলের প্রাক্তন সভাপতি প্রকাশ শর্মা, সাধারণ সম্পাদক মিলিন্দ পাড়ানদে। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের ৪০ থেকে ৫০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
৩ আগস্ট থেকে বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে ভূমি পূজার অনুষ্ঠান শুরু হবে। ৪০ কেজি রুপোর ইঁট দিয়ে ভূমি পূজার ভিত্তি স্থাপন করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news