চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরীক্ষার সংখ্যা আরও না বাড়ালে সংক্রমণের প্রকৃত সংখ্যা জানা যাবে না। তাই পরীক্ষা সংখ্যা বাড়াতে আজ দেশের তিন শহরে বিশেষ করোনা পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা, মুম্বই এবং নয়ডা এই তিন শহরে তিনটি ল্যাব এবার বিশেষভাবে করোনা পরীক্ষার জন্য ব্যবহৃত হবে বলে রবিবার টুইট করে জানান প্রধানমন্ত্রী মোদী।
আজ বিকেলে সাড়ে ৪টেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাবগুলোর উদ্বোধন করবেন মোদী। এই ল্যাবগুলো থেকে এক দিনে ১০ হাজারের বেশি স্যাম্পল টেস্ট করা যাবে। এই ল্যাবগুলিতে আপাতত করোনা পরীক্ষা করা হবে কিন্তু পরবর্তীকালে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি, টিবি, ডেঙ্গি সহ আরও কয়েকটি ভাইরাসঘটিত রোগের পরীক্ষা করা হবে। আজকের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন আইসিএমআর এর সঙ্গে যুক্ত তিনটি স্বাস্থ্য কেন্দ্রকে। এর মধ্যে রয়েছে নয়ডার জাতীয় ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র, মুম্বইয়ের জাতীয় স্বাস্থ্য প্রজনন গবেষণা কেন্দ্র ও কলকাতার নাইসেড বা জাতীয় কলেরা ও টাইফয়েড স্বাস্থ্য কেন্দ্র।
প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়েছে। গত ২ দিনে এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। টেস্টের সংখ্যা আরও বাড়ালে আক্রান্তের সংখ্যাও বাড়বে। তবে স্বস্তির বিষয় হল ভারতে সুস্থতার হারও উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। আইসিএমআরের মতে ভারতে সুস্থতার হার ৬৩.৫৪ শতাংশ। বর্তমানে ভারতে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৮৫ হাজার ৫৭৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন রোগী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news