চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাম মন্দিরের ভূমি পুজোয় সশরীরে উপস্থিত থাকবেন না বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী। জানা যাচ্ছে, বয়সজনিত কারণে অসুস্থতা ও করোনা সংক্রমণ এই দুই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকায় সশরীরে উপস্থিত থাকবেন না বর্ষীয়ান এই বিজেপি নেতারা। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে ভূমি পুজোয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করবেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী সহ রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত অন্য বর্ষীয়ান বিজেপি ও হিন্দুত্ববাদী নেতারা। সব মিলিয়ে প্রায় ১০ জন বর্ষীয়ান নেতা সশরীরে উপস্থিত থাকবেন না। এই নেতাদের ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, প্রথমে ঠিক ছিল ৫ আগস্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একই মঞ্চে থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ভাগবত, রাম জন্মভূমির ন্যাস নৃত্যগোপাল দাস ও বিজেপির দুই বর্ষীয়ান নেতা। কোভিডের কারণে অন্য কোনও নেতা বা সাধু-মহন্তি মঞ্চে থাকবেন না।
অন্যদিকে করোনা সংক্রমণের জন্য শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়েও সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, সশরীরে উপস্থিত নাও হতে পারেন মোদী। তবে প্রধানমন্ত্রী আসছেন এটা ধরে নিয়েই স্থানীয় প্রশাসন ও উত্তরপ্রদেশ সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী আসবেন বলে ওইদিন ৫ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আঁটোসাঁটো করা হয়েছে। ভূমি পুজোর দিন গোটা অযোধ্যা জুড়ে ৩৫০০ অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলে প্রশাসন জানিয়েছে। এখন থেকেই প্রধানমন্ত্রী মোদীর পোস্টার, ফেস্টুনে ঢাকা পড়েছে অযোধ্যা শহর সহ সংলগ্ন এলাকা। বিজেপি শিবিরেরও দাবি প্রধানমন্ত্রী নিশ্চিত আসবেন ভূমি পুজায়। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্রধানমন্ত্রীর দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news