চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। আজ সোশ্যাল মিডিয়ায় কোভিড পজিটিভ হওয়ার খবর জানান মুখ্যমন্ত্রী নিজেই। বিজেপির এই নেতা জানান কদিন ধরেই তাঁর করোনার দেখা দিয়েছে। একইসঙ্গে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সবাইকে করোনা টেস্ট করার ও কোয়ারান্টিনে থাকার আর্জি জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
শনিবার সকালে শিবরাজ সিংহ চৌহান টুইট করে বলেন, “আমার প্রিয় রাজ্যবাসী। আমার কিছু উপসর্গ ছিল। আমি করোনা পরীক্ষা করতে দিই। রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদেরকে বলব আপনারাও টেস্ট করুন এবং নিজেদেরকে কোয়ারান্টিনে রাখুন।” পাশাপাশি মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা জানান, স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিধি তিনি মেনে চলবেন এবং ডাক্তারের পরামর্শ মতো তিনি এখন বাড়িতে কোয়ারান্টিনে থাকবেন। তিনি বলেন, “আমি আমার রাজ্যবাসীকে বলব আপনারা স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হোন। সামান্যতম অসতর্কতা অবলম্বন করলেই করোনাভাইরাসকে আমন্ত্রণ জানানো হবে। আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন বিষয়ে মানুষেরা আমার কাছে এসেছেন।”
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ মুখ্যমন্ত্রী নিজেই করোনা পজিটিভ। এই অবস্থায় তিনি কিভাবে সরকারের কাজকর্ম সামলাবেন। তা নিয়ে রাজ্যের আমলামহল চিন্তিত। এ প্রসঙ্গে চিন্তা দূর করে শিবরাজ সিংহ বলেন, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে করোনা আক্রান্তরা সম্পূর্ণ সুস্থ হবেন। আমি ২৫ মার্চ থেকে প্রতিদিন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করে আসছি। এখন আমি যতটা সম্ভব ভিডিও কনফারেন্সিংয়ের এই বৈঠক করব। আমার অনুপস্থিতি এই বৈঠকে চালিয়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, নগরোন্নয়ন মন্ত্রী ভূপেন্দ্র সিংহ, শিক্ষামন্ত্রী বিশ্বাস সারাং ও স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news