চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমণের মধ্যেই সংসদের বাদল অধিবেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অতিমারির এই সময়কালে সংসদের অধিবেশন হতে চলেছে ঐতিহাসিক। কারণ সংসদের মধ্যে এমন ছবি দেখা যাবে, যা এর আগে কখনও দেখা যায়নি। তর্ক-বিতর্ক, বাক-বিতণ্ডা সবকিছুই চলবে সংসদের মধ্যে। কিন্তু পুরো ব্যবস্থা একেবারে আলাদা হবে। এককথায়, সাংসদদের কোভিডের হাত থেকে বাঁচানোর জন্য এবার অভূতপূর্ব আয়োজন করা হচ্ছে।
সংসদের অধিবেশন শুরুর প্রস্তুতি সম্পর্কে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে বাদল অধিবেশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। সেইমতো কাজও শুরু হয়েছে। রাজ্যসভার সচিবালয় গত দু’সপ্তাহ ধরে কাজকর্ম শুরু করেছে। কর্মীদের আগস্টের তৃতীয় সপ্তাহের মধ্যে কাজকর্ম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অধিবেশন শুরুর জন্য হাতে সময় খুবই কম রয়েছে। করোনা সংক্রমণের জন্য মার্চে বাজেট অধিবেশন মাঝপথেই বন্ধ হয়ে যায়। নিয়ম অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি বিরতি দেওয়া যায় না। তাই ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাদল অধিবেশন করা জরুরি।
তাই সরকার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অধিবেশন শুরুর ভাবনা চিন্তা নিয়েছে। তবে করোনা সংক্রমনের জন্য রয়েছে থাকবে একাধিক বিধি ও সর্তকতা। সূত্রের খবর, সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকালের দিকে লোকসভার কাজকর্ম চলবে এবং দুপুরের পর থেকে চলবে রাজ্যসভার কাজকর্ম। সাংসদদের বসার জন্য লোকসভা এবং রাজ্যসভার প্রতিটি চেম্বার ও গ্যালারি ব্যবহার করা হবে। সংসদের কার্যপ্রণালী লক্ষ্য করার জন্য এই প্রথমবার বড় বড় ডিসপ্লে লাগানো হবে। বসার আসনগুলি পলিকার্বনেট আবরণ দিয়ে ঢাকা হবে।
প্রত্যেকের বসার আসন নির্দিষ্ট করা হবে। রাজ্যসভার মধ্যে প্রধানমন্ত্রী, সংসদের নেতা, বিরোধী দলনেতা ও অন্য দলের নেতাদের জন্য চিহ্নিত আসনেই বসতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচডি দেবেগৌড়ার জন্যও আলাদা করে আসন চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য আলাদা করে আসনের ব্যবস্থা করা হয়েছে।
অধিবেশন চলার সময় এসি চলবে। এর থেকে সংক্রমণ ছড়ানোর ভয় রয়েছে। তাই এয়ার সাপ্লাইয়ের মধ্যে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করার জন্য আল্ট্রা-ভায়োলেট রেডিয়েশন সিস্টেম ব্যবহার করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। এই সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরই সংসদীয় কমিটি অধিবেশন বসার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news