ওয়েব ডেস্কঃ
কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর আন্তর্জাতিক মহলে ভারতকে চাপে ফেলতে একাধিক চেষ্টা করল পাকিস্তান। এবার করতারপুর করিডোর নিয়ে পাল্টা চাল চালল ইমরান খান প্রশাসন।
রবিবার ইমরান খান প্রশাসনের বিশেষ প্রতিনিধি ফিরদৌস আশিক বলেন, “করতারপুর করিডোরের কাজ সম্পূর্ণ করতে পাকিস্তান প্রতিজ্ঞাবদ্ধ। গুরু নানকের ৫৫০তম জন্মদিবসের আগে আমরা এই কাজ শেষ করব।” কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুই দেশের সম্পর্ক যখন অবনতির দিকে, ঠিক সেই সময়ই পাক প্রশাসনের এমন বার্তায় স্তম্ভিত অনেকে।
ফিরদৌস আশিক টুইট করে বলেন, করতার শিখ সম্প্রদায়ের জন্য একটি পবিত্র জায়গা। তাই দুই দেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণে এই কাজ বন্ধ রাখা ঠিক নয়। তাই আমরা এই কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক যতই অবনতি হোক। শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য করতারপুর করিডোরের দরজা সর্বদা খোলা থাকবে।
প্রসঙ্গত, করতারপুর করিডোর পঞ্জাবের গুরুদাসপুর থেকে ৩ কিমি দূরে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত। শিখ সম্প্রদায়ের মানুষ এই করিডোরের মাধ্যমে পাকিস্তানে স্থিত ঐতিহাসিক গুরুদ্বার দর্শনের জন্য যান। ১৫৩৯ সালে গুরু নানকদেব শেষ জীবন এখানেই কাটিয়েছিলেন। এ বছর ৩১ অক্টোবর গুরু নানকের ৫৫০তম জন্মদিবসের আগে করতারপুর করিডোরের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news