শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:
ডিসেম্বর মাসে অতিরিক্ত কুয়াশার কারণে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে শিলিগুড়ি জংশন থেকে বালুরঘাট, মালদা টাউন থেকে বালুরঘাট এবং শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত মোট তিন জোড়া ট্রেন বাতিল করেছিল। সম্প্রতি দৃশ্যমানতা বাড়ায় ওই তিন জোড়া ট্রেনকে নতুন করে চালু করার কথা ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। শুক্রবার এবং আগামিকাল, শনিবার থেকে সংশ্লিষ্ট ট্রেনগুলি আগের মতো নির্দিষ্ট রুটে চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আজ সকাল ৭টা ৩০ মিনিটে শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস (১৫৪৬৪) শিলিগুড়ি জংশন স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে রওনা দিয়েছে। ওই ট্রেনটি বেলা ২টো ৪৫ মিনিটে বালুরঘাট স্টেশনে পৌঁছবে। অন্যদিকে আগামিকাল, শনিবার বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (১৫৪৬৩) বালুরঘাট স্টেশন থেকে বেলা ১২টা ১৫ মিনিটে রওনা দেবে। ট্রেনটি শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ৭টা নাগাদ। একইভাবে আজ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (৫৫৪২২) বিকেল ৫টা ৫ মিনিট বালুরঘাট স্টেশন থেকে রওনা দেবে। সেই ট্রেনটি মালদা টাউন স্টেশনে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। অন্যদিকে আগামইকাল মালদা টাউন থেকে বালুরঘাট প্যাসেঞ্জার (৫৫৪২১) ট্রেনটির পরিষেবা চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে। সকাল ১০টায় ওই ট্রেনটি বালুরঘাট স্টেশনে পৌঁছবে। এদিকে শিলিগুড়ি রাধিকাপুর (৭৫৭০৮) ডিইএমইউ আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রওনা দেবে। রাধিকাপুর স্টেশনে পৌছব রাত ১০টা ৫৫ মিনিট। আগামিকাল, শনিবার রাধিকাপুর-শিলিগুড়ি (৭৫৭০৭) ডিইএমইউ রাধিকাপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৬টা ৩০ মিনিটে। ওই ট্রেনটি শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছবে ১২টা ৫ মিনিটে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে আগে যে সকল ট্রেন বাতিল করা হয়েছিল সেগুলি ধাপে ধাপে চালু করা হচ্ছে। আগে কুয়াশার কারণে এই ট্রেনগুলিকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু কুয়াশা কমে যাওয়ায় ওই ট্রেন গুলিকে নতুন করে চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। আর এতেই খুশি ওই সমস্ত রুটে চলাচলকারী ট্রেন যাত্রীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news