ওয়েব ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ভারতের এয়ার স্ট্রাইকে যে বালাকোটে জৈশ-এ-মহম্মদের প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে, তা জানালো মাসুদ আজহারের ভাই মৌলানা আম্মার। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে একটি ভয়েস রেকর্ডিং এসেছে যেখানে ক্ষুব্ধ মৌলানা আম্মারকে ভারতীয় বিমান হানায় প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের কথা স্বীকার করতে শোনা গিয়েছে।
শনিবারই এক পাকিস্তানি সাংবাদিক ট্যুইটারে এই অডিও শেয়ার করেন। পরে কেন্দ্রীয় গোয়েন্দারাও এই অডিও মেসেজের কথা স্বীকার করে নেন। এই ভয়েস মেসেজে মৌলানা আম্মারকে বলতে শোনা যায়, “শত্রু নিজেদের সীমা লঙ্ঘন করে একটি ইসলামিক দেশে ঢুকে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ইসলামী স্কুলগুলিতে বোমাবর্ষন করেছে।” মৌলানা আম্মার বলেন, ” তারা সংস্থার ( জৈশ-এ-মহম্মদের) কোনও হেডকোয়ার্টার, বা গুদামঘরে বোমা ফেলেনি, তারা বোমা ফেলেছে ‘মরকজ’ বা ইসলামী স্কুলে যেখানে শয়ে শয়ে ছাত্রছাত্রী জিহাদের প্রশিক্ষণ নিচ্ছিল।” এরপরই ক্ষুব্ধ মৌলানা আম্মার সকলকে জিহাদের জন্য আহ্বান করেন, ” তাই নিজেদের অস্ত্র হাতে তোলো আর শত্রুদের বুঝিয়ে দাও, জিহাদ আমাদের কর্তব্য। আমাদের সীমায় প্রবেশ করে ভারত জিহাদের সূচনা করেছে। ”
এই অডিও মেসেজ ছড়িয়ে পড়ার পর পাকিস্তান আরেকটু বিপদে পড়ে গেল। কারন, পাকিস্তানের তরফে বলা হয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইকে কয়েকটি গাছ ও কাক মারা গিয়েছে। এদিকে এই ভয়েস মেসেজ স্পষ্ট বলছে বিমান হানায় তাদের প্রশিক্ষন কেন্দ্রগুলিই নষ্ট হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারাও মনে করছেন, বিমান হানায় ব্যাপক ক্ষতির ফলেই এই ভয়েস মেসেজ জারি করেছে জৈশ।
ভারতের বিমান হানার ছবি বা ক্ষয়ক্ষতির হিসেব গোপন রাখা হয়েছে । ফলে অনেক দলই এই বিমান হানা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। এই ভয়েস মেসেজ তাদের জন্যও যথেষ্ট প্রমান বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news