ওয়েব ডেস্ক
এবছর ‘ভ্যালেন্টাইন্স ডে’র দিন ‘ভগিনী দিবস’ বা ‘সিস্টার্স ডে’ উদযাপন করবে পাকিস্তানের ফৈজাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়। মূলতঃ ১৪ ফেব্রুয়ারি পাশ্চাত্য সংস্কৃতি থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ওইদিন কলেজের ছাত্রীদের হিজাব বা আবায়াহ উপহার দেওয়া যেতে পারে। তবে ফুল বা কোনও ধরনের প্রেমের উপহার দেওয়া নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ফৈজাবাদের এই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে উৎসাহিত পাকিস্তানের আরও অনেক বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালে ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানে ‘ভ্যালেন্টাইন্স ডে’ অ-ইসলামিক বলে জানিয়ে তা নিষিদ্ধ করে দেয়। গত দু বছরে পাকিস্তানের কাগজ, ম্যাগাজিন, টিভিতে ‘ভ্যালেন্টাইন্স ডে’ নিয়ে কোনও বিজ্ঞাপন হয়নি। দোকানেও এই উপলক্ষ্যে ছাড় নিষিদ্ধ । তবুও ছাত্রছাত্রীদের এই দিনটি নিয়ে উৎসাহ রয়েই গিয়েছে। সেজন্যই, ইসলামের দিকে মুখ ফেরাতে কৃষি বিশ্ববিদ্যালয় ভগিনী দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। তবে ছাত্রছাত্রীদের কাছে ১৪ ফেব্রুয়ারি ‘ভগিনী দিবস’ হিসেবে কতটা গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন রয়েই যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news